বোরহানউদ্দিনে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেডসহ ৭ বালু উত্তোলনকারী আটক, জরিমানা ॥ মুচলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর হাঁসের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৭ জতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ড্রেজারে কর্মরত ৩ জন হলেন-মো. জাহাঙ্গীর (২২), মো. মেহেদি হাসান (২২) ও মো. নূর আলম (১৮)। আর বাল্কহেডে থাকা ৪ জন হলেন-আব্দুল বাসেত (৪৫), মো. সুমন (২০), মো. নূমান (১৮) ও মো. জসিম হাওলাদার (৪৫)। পরবর্তীতে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালু উত্তোলনকারীদের মোট ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়ে। এসব রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
