দৌলতখানে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না; জব্দ করে ধ্বংস

ভোলার দৌলতখান উপজেলায় বিভিন্ন খাদ্যস্থাপনায় অভিযান চালিয়ে বাসি খাবার সংরক্ষণ, খাবারে মাছি পাওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির মতো অনিয়ম পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলার উদ্যোগে উপজেলার বিভিন্ন খাদ্যস্থাপনায় এ পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হয়।
ভোলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, পরিদর্শনকালে কয়েকটি খাদ্যস্থাপনায় বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার সংরক্ষণ, খাবারে মাছির উপস্থিতি এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির বিষয়টি নজরে আসে।
এ সময় সংশ্লিষ্টদের এসব অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অনিরাপদ ও বিক্রির অনুপযোগী খাবার জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যস্থাপনাগুলোতে নিয়মিত পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
