সর্বশেষঃ

সংস্কারের অভাবে বেহাল বোরহানউদ্দিন অডিটোরিয়াম, দুর্ঘটনার শঙ্কা

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার একমাত্র অডিটোরিয়ামটি দীর্ঘদিন সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। জানালা-দরজা ও বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রবেশমুখে অবস্থিত অডিটোরিয়ামটি একসময় উপজেলা শহরের সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমের অন্যতম কেন্দ্র ছিল। বর্তমানে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে ভোলা জেলা পরিষদের আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়। একই বছর ২২ জুন এটি উদ্বোধন করা হয়। প্রায় ৬০০ আসনের এ অডিটোরিয়ামে শুরুর দিকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের সভা-সেমিনার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হতো।

২০১৮ সালের আগে অডিটোরিয়ামটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরব ছিল বলে জানান স্থানীয়রা। তবে পরবর্তী সময়ে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে ধীরে ধীরে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অডিটোরিয়াম ভবনের দরজা-জানালা ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশে জরাজীর্ণতার ছাপ স্পষ্ট। ফলে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী রাজীব রতন দে বলেন, ‘অডিটোরিয়ামটি চালু থাকলে বোরহানউদ্দিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও প্রাণবন্ত হতো। এটি সংস্কার করে আবার ব্যবহার উপযোগী করা হলে সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষও উপকৃত হবে।’

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আনোয়ার উল ইসলাম বলেন, অডিটোরিয়ামটি সংস্কারে বিপুল অর্থের প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষের পক্ষে এত অর্থের জোগান দেওয়া সম্ভব নয়। এ জন্য সংস্কারের উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। একই সঙ্গে ভোলা-২ আসনের সংসদ সদস্যের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, অডিটোরিয়ামটি সংস্কারের জন্য জেলা পর্যায়ে আবেদন পাঠানো হয়েছে। জেলা থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে টেন্ডারের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, বরাদ্দের অপেক্ষায় দীর্ঘদিন ফেলে না রেখে ভবনটির বর্তমান অবস্থা দ্রুত কারিগরি পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অডিটোরিয়ামটি আবার ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হোক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।