মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাশন মডেল মসজিদের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে তারা সেখানে দৌড়াদৌড়ি করছিল। এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতাটি দেখতে গিয়ে ইয়ামিন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। ইয়ামিনের সঙ্গে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ইয়ামিনের মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
