ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুজন আটক

ভোলায় একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার পূর্ব ইলিশার বাঘার হাওলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন নোয়াখালীর বাসিন্দা নুরইসলাম (৩১) ও মো. রাসেল (১৯)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেল পাঁচটার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানে গাঁজাসহ নুরইসলাম ও রাসেলকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
