সর্বশেষঃ

মনপুরার উন্নয়নে পৌরসভা, জাতীয় গ্রিডে সংযোগ ও ফেরি সার্ভিসসহ একাধিক উদ্যোগ এমপি নয়নের

আবদুর রহমান সোয়েব, মনপুরা :

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগ, বিদ্যুৎ ও নাগরিক সেবার সংকট নিরসনে সড়ক উন্নয়ন, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ, পৌরসভায় উন্নীতকরণ এবং ফেরি সার্ভিস চালুসহ একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

শনিবার মনপুরা সফরে এসে পথসভা, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন এলাকা পরিদর্শনকালে এসব উদ্যোগের কথা জানান তিনি। এমপি নয়ন বলেন, মনপুরার উন্নয়নে শুধু আশ্বাস নয়, বাস্তব কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সড়ক সংস্কার ও প্রশস্তকরণ, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ, আধুনিক পৌরসভা গঠন, পর্যটন উন্নয়ন, ফেরি সার্ভিস চালু, স্টেডিয়াম ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মনপুরার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে জাতীয় গ্রিডের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংসদ সদস্য। জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রায় বিদ্যমান সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

মনপুরাকে আধুনিক পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ এবং উপজেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে মনপুরাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন সংসদ সদস্য।

দ্বীপ উপজেলার যোগাযোগব্যবস্থা সহজ করতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগের কথাও জানান নয়ন। একই সঙ্গে বিচ্ছিন্ন দ্বীপ কলাতলীর মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শনিবার দুপুরে মনপুরায় পৌঁছে জনতা বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এমপি নয়ন। পরে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সড়কের বেহাল দশা, যোগাযোগ সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন।

সফরকালে মনপুরা উপজেলা মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঢাকাসহ বিভিন্ন দপ্তর থেকে আসা প্রকৌশলী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, মনপুরার দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে উন্নত সড়ক যোগাযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নদীভাঙন ও বেড়িবাঁধ, আধুনিক নাগরিক সেবা, পর্যটন অবকাঠামো এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা।

সংসদ সদস্যের সফরে এসব সমস্যা সমাধানে একাধিক উদ্যোগের কথা আসায় স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ঘোষিত পরিকল্পনাগুলো কবে নাগাদ বাস্তবায়িত হবে এবং সেগুলোর কতটা দ্রুত দৃশ্যমান রূপ পাবে, এখন সেটিই মনপুরাবাসীর প্রধান অপেক্ষা। স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এসব উদ্যোগ যেন ঘোষণা বা আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়নে রূপ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।