চরফ্যাশনে ২৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলার চরফ্যাশনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আছলামপুর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন বকশী (৩৮) ও মো. রিয়াদ বদ্দার (২৬)।
চরফ্যাশন থানা পুলিশ জানায়, থানার তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল আছলামপুর ইউনিয়নের চৌমুহনী এলাকায় মতিনের দোকানের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জাকির হোসেন বকশী ও রিয়াদ বদ্দারকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ হাজার ৭০০ টাকা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
