ভোলায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে ভোলা জেলা মহিলা দলের উদ্যোগে শহরের মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা মহিলা দলের সভাপতি সাজেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন মহিলা দলের নেতৃবৃন্দ।
