খেলার সাথে পরিবেশ রক্ষা: চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে চারা বিতরণ
দক্ষিণাঞ্চলে সারা বছর উৎপাদন হবে লেবু

বরিশাল:দক্ষিণাঞ্চলে লেবুর মৌসুমি সংকট ও বাজারে দাম বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সারা বছর ফলন দেওয়ার উপযোগী বিনা-১ সিডলেস বারোমাসি লেবু জাতের চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বরিশাল উপকেন্দ্রে এই জাতের লেবু গাছে একই সঙ্গে ফুল, মুকুল এবং বিভিন্ন বয়সের ফল দেখা যাচ্ছে। ফলে বছরের বিভিন্ন সময় গাছ থেকে লেবু সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
বিনা রহমতপুর উপকেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলা—বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলায়—বিনা-১ জাতের ৬ হাজার চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় ১০টি প্রদর্শনী স্থাপন করা হবে। প্রতিটি প্রদর্শনীতে ৫০টি করে চারা ও সার দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলার কৃষকদের মধ্যেও চারা বিতরণ করা হচ্ছে।
এর পাশাপাশি কৃষকদের কাটিং ও কলম পদ্ধতিতে চারা উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের নিজেদের পাশাপাশি অন্য কৃষকদের মধ্যেও এই জাতের চাষ সম্প্রসারণে উৎসাহিত করা হচ্ছে। এর আগে গত বছরও ৫ হাজার বিনা-১ জাতের লেবুর চারা বিতরণ করা হয়েছিল।
কৃষি সংশ্লিষ্টরা জানান, রমজানসহ বিভিন্ন সময়ে লেবুর চাহিদা বেড়ে গেলে সরবরাহের ঘাটতির কারণে বাজারে দামও বৃদ্ধি পায়। সারা বছর উৎপাদন করা সম্ভব হলে এ ধরনের মৌসুমি সংকট অনেকটাই কমানো যেতে পারে। একই গাছে বিভিন্ন সময়ে ফুল ও ফল আসায় বারোমাসি এই জাতটি কৃষকদের জন্য সম্ভাবনাময় বলে মনে করছেন তারা।
রহমতপুর উপকেন্দ্রে বিনা-১ লেবুর চারা উৎপাদনের জন্য মাতৃগাছের বাগান করা হয়েছে। সেখান থেকে কলম ও কাটিং পদ্ধতিতে চারা উৎপাদনের পর তা বিভাগের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের চাষাবাদ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, বিনা উদ্ভাবিত বিনা-১ বারোমাসি লেবুর জাত নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কাজ করছে। এই জাতের চাষ বাড়ানো গেলে কৃষকরা বছরের বিভিন্ন সময়ে লেবু উৎপাদন ও বাজারজাত করার সুযোগ পাবেন। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে লেবুর সরবরাহও বৃদ্ধি পাবে।
বিনার বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন বলেন, বিনা-১ সিডলেস বারোমাসি লেবু এমন একটি জাত, যাতে বছরের বিভিন্ন সময়ে ফুল ও ফল পাওয়া যায়। দক্ষিণাঞ্চলের কৃষকদের মধ্যে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে সারা বছর লেবু উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তিনি জানান, মৌসুমি সংকট ও মূল্যবৃদ্ধি কমানোর পাশাপাশি কৃষকদের লাভবান করার লক্ষ্যেই এই জাতের চারা সম্প্রসারণ করা হচ্ছে। বরিশাল বিভাগের ছয় জেলার কৃষকদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে ধীরে ধীরে এর বিস্তার ঘটানো হচ্ছে।
সংশ্লিষ্টদের আশা, দক্ষিণাঞ্চলে বিনা-১ লেবুর চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে সারা বছর লেবুর সরবরাহ বাড়বে। ফলে চাহিদা বৃদ্ধির সময়ে লেবুর সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হবে।
