সর্বশেষঃ

বিলম্বে হলেও ভোলার মেঘনায় ধরা পড়ছে ইলিশ, সরগরম মাছের আড়ত

বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখনো ঘাটে ইলিশের ছড়াছড়ি। কারণ নদীতে দেখা মিলছে ইলিশের তাই কর্মব্যস্ততার এই আনন্দ পাইকার, আড়তদার আর শ্রমিকদের।

কেউ মাছের ঝুঁড়িতে বরফ দিচ্ছেন, কেউ ব্যস্ত ওজন করতে। আবার কেউ ঝুঁকি নিয়ে দ্রুত মাছ সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে সরগরম মাছের আড়ত। ভোলা সদরের তুলাতলী মাছ ঘাটে এমন চিত্র দেখা যায়।

মৎস্যজীবীরা বলছেন, শুধু তুলাতলী ঘাট নয়, এমন চিত্র জেলার অন্য আড়তেও। ভরা মৌসুমে শুরুতে ইলিশের দেখা না মিললেও অবশেষে ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে রুপালি ইলিশ।

এতে নদীর ঘাট ও মাছের আড়তগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। গত এক সপ্তাহ ধরে ইলিশের সরবরাহ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন জেলে, মৎস্যজীবী ও আড়তদাররা।

মৎস্য আড়ৎদার মোশাররফ হোসেন, আল আমিন, নাসিম, ও কামাল বেপারি বলেন, গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। এতে আড়তে কেনাবেচা বেড়েছে। আগে পুরো আড়তে বিক্রি হত পাঁচ লাখ টাকা এখন তা বেড়ে বিক্রি হচ্ছে আট থেকে ১০ লাখ টাকা।

জেলে মফিজ ও বশির বলেন, ভরা মৌসুমে মাছ না পাওয়ায় আমরা হতাশার মধ্যে ছিলাম এখন জাল বেয়ে নদীতে মাছ পাচ্ছি, এভাবে চলতে থাকলে বিগত দিনের সঙ্কট দুর করতে পারবো।

এদিকে ঘাটে গিয়ে দেখা গেছে, নদী থেকে আহরিত ইলিশ নিয়ে ভোর থেকেই ঘাটে ফিরছেন জেলেরা। এরপর আড়তে শুরু হয় মাছ বেচাকেনার ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম হয়ে উঠে এসব আড়ত।

আড়তদাররা বলছেন, জেলেদের আহরিত ইলিশের বড় একটি অংশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। বিশেষ করে ঢাকা, চাঁদপুরসহ বিভিন্ন মোকামে প্যাকেটজাত করে এভাবেই পাঠানো হচ্ছে ভোলার ইলিশ।

এতে স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও বাড়ছে ইলিশের সরবরাহ। তবে খুচরা বাজারে ইলিশের দাম এখনো আকাশ ছোঁয়া।

মৎস্যজীবীরা বলছেন, দীর্ঘদিন পর নদীতে ইলিশের দেখা মেলায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা পড়লে জেলেরা লোকসান কাটিয়ে ঘুরে দাড়াতে পারবেন। আর লাভের মুখ দেখছেন আড়তদাররা। ইলিশ ধরাকে কেন্দ্র করে আনন্দ ছড়িয়ে পড়েছে জেলে পল্লীতে।

জেলা মৎস্য কর্মকর্তা মুজুম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘নদীতে মাছ ধরা পড়ছে, আগামী কিছুদিনের মধ্যে মাছের সরবরাহ আরো বাড়তে পারে।’

অপরদিকে নদীতে ইলিশের এই উপস্থিতি অব্যাহত থাকলে ভোলার মৎস্যখাতে আরো প্রাণচাঞ্চল্য ফিরবে বলে মনে করছে মৎস্যজীবীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।