সর্বশেষঃ

ভোলায় অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

ভোলার বাণী ডিজিটাল ডেক্স:

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০ গ্রাম গাঁজাসহ কথিত ‘মেজবা বাহিনী’র প্রধান মেজবা উদ্দিন ওরফে মেজবা হাওলাদারকে আটক করা হয়েছে।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকার নাজেব আলী হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের ভাষ্য, অভিযানের সময় মেজবা উদ্দিনের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মেজবা উদ্দিন মৃত নূর আফতাফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরদিন ২৬ আগস্ট তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদক, দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ মেজবা উদ্দিনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ২৭ আগস্ট তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মেজবা উদ্দিন অনুসারীদের নিয়ে এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও হামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তার কথিত বাহিনীর কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও ভোগান্তির মধ্যে ছিলেন বলেও দাবি করেন তারা।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে মেজবা উদ্দিনের বক্তব্য জানা যায়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্র, মাদক এবং সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।