সর্বশেষঃ

সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছানো গণমাধ্যমের দায়িত্ব: তথ্যমন্ত্রী

সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমও এর বাইরে নয়। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা গণমাধ্যমের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়েরও বড় দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দায়িত্ব সবার। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে।

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত করা হয়েছিল। তবে এত প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম দেশের বিভিন্ন অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছে।

জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, এ আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিয়মনীতি অনুযায়ী তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

তিনি বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। তবে কোনোভাবেই যেন আগের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই সরকার কী করছে, কেন করছে— সেসব জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব— এটাই বার্তা। পাশাপাশি সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।