মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন: আন্দোলন-সংগ্রাম পেরিয়ে মন্ত্রিসভায়

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন বিএনপি জোটের রাজনীতিতে সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া এবং একাধিকবার কারাবরণের মধ্য দিয়ে রাজনৈতিক পরিচিতি গড়ে তোলা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবার সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার রাতে তাঁর শপথের খবর ছড়িয়ে পড়ার পর ভোলায় তাঁর অনুসারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে দেখা যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
পার্থের মন্ত্রী হওয়ার খবরে রাতে ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিজেপির নেতাকর্মীরা। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ বলেন, দলের চেয়ারম্যানের মন্ত্রিসভায় থাকার বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তাঁর মন্ত্রিত্বে ভোলার মানুষ খুশি হয়েছেন বলে দাবি করেন তিনি।
ভোলা-১ আসন থেকে নিজ দলের প্রতীকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পার্থ। নির্বাচনী প্রচারে তিনি ভোলার উন্নয়ন, বিশেষ করে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জেলার গ্যাসসম্পদ কাজে লাগিয়ে শিল্পায়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও তাঁর সমর্থকদের প্রত্যাশা, মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ আরও জোরালো হবে।
১৯৭৪ সালের ২০ এপ্রিল জন্ম নেওয়া আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর ছেলে। তাঁর বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র। মা রেবা রহমান সমাজসেবার সঙ্গে যুক্ত। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া তালুকদার বাড়ি পার্থের পৈতৃক নিবাস। স্থানীয়ভাবে তাঁদের পরিবারটি দীর্ঘদিন ধরে পরিচিত একটি বনেদি পরিবার হিসেবে পরিচিত।
পার্থের শিক্ষাজীবন কাটে সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ে। পরে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ঢাকায় আইন পেশায় যুক্ত হন। পাশাপাশি ব্রিটিশ স্কুল অব ল কলেজ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
বাবার হাত ধরে ২০০০ সালে রাজনীতিতে প্রবেশ করেন পার্থ। ২০০৫ সালের ১৬ মার্চ ভোলায় বিএনপি আয়োজিত এক রাজনৈতিক প্রতিনিধি সম্মেলনে তাঁর রাজনৈতিক উপস্থিতি প্রথম বড় পরিসরে আলোচনায় আসে। সে সময় অসুস্থ বাবা নাজিউর রহমান মঞ্জুর পক্ষে তাঁর শুভেচ্ছাবার্তা পাঠ করেন পার্থ। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে দ্রুতই আলোচনায় উঠে আসেন তিনি।
২০০৮ সালের ৬ এপ্রিল নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর বিজেপির চেয়ারম্যানের দায়িত্ব নেন পার্থ। একই বছর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
রাজনীতির পাশাপাশি টেলিভিশনের টকশোতে নিয়মিত উপস্থিতির কারণে তরুণদের মধ্যে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁর বক্তব্য, বিতর্কে অংশগ্রহণ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে সরব অবস্থান তাঁকে জাতীয় পর্যায়ে পরিচিত মুখে পরিণত করে।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নেতৃত্বাধীন জোট বর্জন করলে পার্থও নির্বাচনে অংশ নেননি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাঁর নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। প্রথমে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলেও পরে ভোলা-১ আসনে ফিরে এসে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণও করেন তিনি। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে বিজেপির চেয়ারম্যান হিসেবে তাঁর রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় হয়।
এবার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে পার্থের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশেষ করে ভোলা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তাঁর সামনে এখন স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে মন্ত্রীর দায়িত্ব পালনের চ্যালেঞ্জ রয়েছে। ভোলার মানুষের প্রত্যাশা, তাঁর নতুন দায়িত্ব জেলার দীর্ঘদিনের অবকাঠামো ও উন্নয়ন দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
