মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
ভোলার মনপুরায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাটোর থেকে গ্রেপ্তার

ভোলার মনপুরায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. সুমন (২৭)কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় র্যাব-৮ বরিশালের ভোলা ক্যাম্প ও র্যাব-৫, সিপিসি-২, নাটোরের যৌথ অভিযানে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন নয়াবাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মো. মোস্তফার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় সুমনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, সুমনের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটির মা মনপুরা থানায় অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। মামলা হওয়ার পর থেকেই র্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৫, সিপিসি-২, নাটোরের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি মো. সুমনকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ভোলা ক্যাম্প, র্যাব-৮-এর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
