মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আবদুর রহমান সোয়েব, মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় পানিতে ডুবে তাসমিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত তাসমিয়া ওই এলাকার বাসিন্দা মতিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ছিল তাসমিয়া। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় শিশুটি বাড়ির আশপাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পানিতে শিশুটিকে পাওয়া যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাসমিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক নেমে এসেছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, পরিবারের সদস্যদের অগোচরে ছোট শিশুরা কখন পানির কাছে চলে যায়, তা অনেক সময় বোঝা যায় না। তাই বাড়ির আশপাশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
