সর্বশেষঃ

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলের প্রার্থী কর্নেল অলি

ভোলার বাণী ডেস্ক ॥
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদকে (বীর বিক্রম) রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রবিবার ১১ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তার নাম ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে কর্নেল অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে সব দলের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। পরে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোত্তম ব্যক্তি আমরা প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। তার জন্য সবাই দোয়া করবেন।
প্রতিক্রিয়ায় কর্নেল অলি আহমদ বলেন, আমি ১১ দলের সবার প্রতি কৃতজ্ঞ। দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছেন। সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা জাতিকে বলতে চাই- আমরা এই জাতির সাথে কখনো বেইমানি করব না। আমরা হারব বা জিতব সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমরা সর্বদা জনগণের পাশে দাঁড়াব। এর আগে রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।
জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের নেতারা।
এর আগে শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানায় জামায়াত। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।