সর্বশেষঃ

জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, ভোলায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, ভোলায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

ভোলার দুলারহাটে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুলারহাট থানার নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ডের মকবুল মুন্সির বাড়িতে এ প্রতারণার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, চক্রটি স্থানীয় ১৭ জন নারীকে ‘জ্বিন হাজিরের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার’ প্রলোভন দেখায়। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার চক্রটির হাতে তুলে দেন। পুলিশের দেওয়া তথ্যে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। স্বর্ণ নেওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

পুলিশ আরও জানায়, সোমবার (২৭ জুলাই) বিকেলে চক্রটি পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পারেন। পরে চারজনকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নুরাবাদ ৫ নম্বর ওয়ার্ডের মোসাঃ রুমা (৩০) এবং মজিবনগর ৮ নম্বর ওয়ার্ডের মোসাঃ মুক্তা (২৬), মোঃ স্বপন ফরাজী (৫০) ও মোঃ আলামিন (২৬)।

গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে দুলারহাট থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ২৮ জুলাই ২০২৬। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির অন্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।