৬ দফা দাবি বাল্কহেড মালিকদের, না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট
নাতির লাথিতে দাদীর মৃত্যুর অভিযোগ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার এক দিন পর তার মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ারুন নেছা (৬০) ওই গ্রামের রূপচাঁদ মাঝির স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ইয়ারুন নেছার ছেলে সোহরাব মাঝি স্থানীয় বাজারে ছিলেন। এ সময় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে একপর্যায়ে মেহেদী হাসান ইয়ারুন নেছাকে লাথি মারেন বলে অভিযোগ। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সোহরাব মাঝি বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। বাড়ি থেকে ফোনে মায়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে ফিরে এসে জানতে পারেন, মেহেদী হাসানের লাথিতে তার মা আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, মেহেদী হাসানের ধান ইয়ারুন নেছার হাঁস খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে ইয়ারুন নেছা আহত হন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
