হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
ভোলায় রাজহাঁস চুরির অভিযোগে যুবক আটক, ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা

ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে আটক করার পর তাকে পুলিশের কাছে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ও তওবা করিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই এলাকায় হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে দুটি রাজহাঁস নিয়ে যাওয়ার সময় নাজিম নামে এক যুবককে হাতেনাতে আটক করেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, আটক হওয়ার পর অভিযুক্ত নাজিম নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে উপস্থিত সবার কাছে ক্ষমা চান। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন বা পুলিশের কাছে সোপর্দ না করে অনুতপ্ত হওয়ার সুযোগ হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয়। নামাজ শেষে তওবা করিয়ে স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, “হাঁস দুটি আমাদের পরিবারের খুব শখের ছিল। স্থানীয়দের তৎপরতায় সেগুলো উদ্ধার হয়েছে। অভিযুক্তকে মারধর না করে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়ায় আমরা সন্তুষ্ট।”
তবে এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। তবে অপরাধ দমনে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।”
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া ঘটনাটি নিয়ে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
