অস্বাভাবিক জোয়ারে ভোলায় ভেসে গেল দুই শতাধিক মহিষ, পানিবন্দি শতাধিক পরিবার
মনপুরার প্লাবিত গুচ্ছগ্রামের ৬০ পরিবারকে কোস্ট গার্ডের সহায়তা

আবদুর রহমান সোয়েব, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের দুর্দশার খবর দৈনিক ভোলার বানী সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পানিবন্দি পরিবারগুলোর সদস্যরা।
সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি গুচ্ছগ্রাম এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, শিশুদের লেখাপড়া এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ পরিস্থিতির চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তবে ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগ এড়াতে ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। মানবিক সংকটে অসহায় মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
স্থানীয়দের ভাষ্য, গণমাধ্যমে সমস্যার বাস্তব চিত্র তুলে ধরার ফলে অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেয়। মনপুরার এই গুচ্ছগ্রামের ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা গেছে। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
