সর্বশেষঃ

ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ভোলায় মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বুধবার (১৬ জুলাই) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় না এনে এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। তারা দাবি করেন, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি প্রশ্নের মান ও পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা এবং বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিকে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানা পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভোলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম বলেন, “সবার বাকস্বাধীনতা রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো বাধা নেই। তবে রাস্তা অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। আমরা পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখেছি এবং মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।