শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল পিকেএসএফ

স্টাফ রিপোর্টার :

উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ‘GIS-Based Supervision & Monitoring System’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরের হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।

পিকেএসএফ জানায়, জিআইএসভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে তদারকি ও পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। সংস্থাটির BD Rural WASH for Human Capital Development (HCD) প্রকল্পের আওতায় নিরাপদ স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থার তথ্য, ছবি এবং জিপিএসভিত্তিক অবস্থান রিয়েল-টাইমে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হয়। এতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়।

পিকেএসএফ সম্প্রতি পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ অর্জন করেছে।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি-এর ‘জনতা-পে’, রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’, নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ‘ইনস্যুরেন্স মোবাইল অ্যাপ’, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পিকেএসএফ-এর ‘GIS-Based Supervision & Monitoring System’।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।