সর্বশেষঃ

ভোলার পারভেজ চৌধুরীর পিএইচডি অর্জন, গবেষণায় উঠে এসেছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ভোলার সন্তান আমীরুল হক পারভেজ চৌধুরী।

গত ২২ জুন ২০২৬ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি প্রদান করা হয়।

তার অভিসন্দর্ভের শিরোনাম “Making a Living in Monpura Island: An Ethnographic Study of the Livelihood of the Coastal People of Bangladesh”। গবেষণায় বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে তাদের অভিযোজন কৌশল নৃ-তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় স্থানীয় জ্ঞান, সামাজিক সম্পর্ক, আত্মীয়তার নেটওয়ার্ক, নৈতিক অর্থনীতি এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে মানুষের অভিযোজন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও টিকে থাকার বাস্তব অভিজ্ঞতা গবেষণায় স্থান পেয়েছে।

ড. পারভেজ চৌধুরী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা উপকূল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জীবিকা বিষয়ক নানা কার্যক্রমে যুক্ত রয়েছেন।

তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিজামুল হক শান্তু চৌধুরী এবং বেগম ফকরুন্নেসা চৌধুরীর সন্তান।

পিএইচডি ডিগ্রি অর্জনের পর এক প্রতিক্রিয়ায় ড. পারভেজ চৌধুরী বলেন, এ পথচলায় যাঁরা তাকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।