বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বিধি-৩০০ অনুযায়ী দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ বরাদ্দ আপাতত সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে সিটি করপোরেশনভুক্ত আসনগুলোর জন্যও একই ধরনের বরাদ্দ দেওয়া হবে।
এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, জেলা পরিষদের মাধ্যমে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশনগুলোকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’
তিনি আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকায় ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারছেন না। তবে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব উত্থাপন করায় তাকে ধন্যবাদ জানান স্পিকার।
সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর বরাদ্দসংক্রান্ত ঘোষণার পাশাপাশি স্পিকারের বক্তব্যও অধিবেশনে বিশেষভাবে আলোচনায় আসে।
