চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে মাউশির শোকজ

ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জুন) অধিদপ্তরের কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই নোটিশ জারি করা হয়।
মাউশির সহকারী পরিচালক মো. মাহিন উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ই-রিকুইজিশনে প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও ‘গার্হস্থ্য অর্থনীতি’ বিষয়ে প্রভাষক পদে ভুল চাহিদা পাঠিয়েছেন অধ্যক্ষ। সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম কাম্য শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক হলেও ডিগ্রি (পাস) পর্যায়ে পর্যাপ্ত শিক্ষার্থী ছাড়াই নিয়মবহির্ভূতভাবে এই চাহিদা পাঠানো হয়। পরবর্তীতে মাউশির আঞ্চলিক কার্যালয়ের তথ্য যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়ে। শুধু তাই নয়, যাচাইয়ের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তও সরবরাহ করেনি কলেজ কর্তৃপক্ষ।
মাউশির নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ভুল তথ্য প্রদান এবং সময়মতো তথ্য সরবরাহ না করার মাধ্যমে সরকারি বিধিমালা ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন দায়িত্বহীনতার কারণে একদিকে যেমন প্রশাসনিক কাজে বিভ্রান্তি সৃষ্টি হয়, অন্যদিকে ভুল পদে কোনো প্রার্থী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে পরবর্তীতে এমপিওভুক্তির (MPO) ক্ষেত্রে তাকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনো হাতে কোনো নোটিশ পাইনি, তবে অনলাইনে বিষয়টি দেখেছি। দাপ্তরিকভাবে নোটিশ হাতে পেলে নির্ধারিত সময়ের মধ্যেই এর যথাযথ জবাব দেব।”
