গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিজেপির নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের ভোলা সফরে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ভোলা জেলা শাখা। দলটির অভিযোগ, সফরকালে তাদের চেয়ারম্যান ও ভোলা সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ্য করে ‘ব্যক্তিগত আক্রমণাত্মক’ ও ‘মিথ্যাচারমূলক’ বক্তব্য দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ প্রতিবাদ জানান বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন।

সম্প্রতি ভোলায় এক রাজনৈতিক অনুষ্ঠানে গোলাম পরওয়ার আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচনের পর কয়দিন ভোলায় এসেছেন? শুনতে পাই, আপনি ঢাকায় বাসায় বসে থাকেন, আর ভোলার মানুষ পয়সা খরচ করে ৬ ঘণ্টা বসে থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আসে। এমন না করে মাসে দুয়েকবার ভোলায় আসেন।”

গোলাম পরওয়ারের এ বক্তব্যকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বিজেপির ভোলা জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে ‘মিথ্যাচারমূলক’ বক্তব্য দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মাগরি বাদ ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। সভায় জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।