মনপুরায় ইয়াবাসহ যুবক আটক

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজারের চা ব্যবসায়ী জাকিরের দোকানের সামনের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোহাগ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেন স্থানীয়রা। আটক সোহাগ উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌধুরী বাজার এলাকার বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গোপনে মাদক বিস্তারের চেষ্টা চলছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, “মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন। পরে স্থানীয় জনতা আটক সোহাগকে মনপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, মাদকবিরোধী অভিযান জোরদার না হলে ভবিষ্যতে যুবসমাজ আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।