সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা

ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম।

সভায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলার দ্রুত তদন্ত ও অগ্রগতি এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসে ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), জেলা গোয়েন্দা শাখার ওসি, জেলা বিশেষ শাখার ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্তকেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।