লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ভোলার ৪ কৃতি সন্তান

শরীফ হোসাইন ॥
দ্বীপজেলা ভোলার চার কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করেছেন। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ৪৪১ জনকে স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যেই রয়েছেন ভোলার এই চার সাংবাদিক।
জানা গেছে, নদীভাঙনকবলিত ভোলার মানুষের দুর্ভোগ, আর্তনাদ ও নানা বাস্তব চিত্র দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে তুলে ধরেছেন এই চার সাংবাদিক। অবহেলিত জনপদ ভোলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তাঁরা নিজেদের লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন। পরবর্তীতে ভোলা থেকে ঢাকায় গিয়ে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তাঁরা। দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করলেও এতদিন জাতীয় প্রেসক্লাবের সদস্য হতে পারেননি। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান হলো। স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত চার সাংবাদিক হলেন— আল আমিন শিবলী, সৈয়দ সাইফুল ইসলাম, নূরে আলম জিকু ও জিয়াউর রহমান।
তাঁদের মধ্যে বোরহানউদ্দিনের আল আমিন শিবলী বর্তমানে আমার দেশ পত্রিকায় সাব-এডিটর হিসেবে কর্মরত আছেন। লালমোহনের সৈয়দ সাইফুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমের প্রধান প্রতিবেদক, মনপুরার নূরে আলম জিকু যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ভোলা সদরের জিয়াউর রহমান নতুন কাগজ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় দৈনিক ভোলার বাণীর সম্পাদক মন্ডলীর সভাপতি জাকির হোসেন মহিন, সম্পাদক হারুন অর রশীদ, প্রকাশক এ্যাডভোকেট বীথি ইসলাম, নির্বাহী সম্পাদক আবুল হোসেনসহ ভোলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
