ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে ভোলায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে ভোলা জেলা ফারিয়ার আয়োজনে ঘন্টাব্যাপি এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক রিপ্রেজেন্টেটিভরা ওই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এসময় তারা বলেন, করোনাকালীন সময় আমরা রিপ্রেজেন্টেটিভরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। অথচ আমাদের আজ দালাল বলে। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল গ্রেফতার করতে গিয়ে আমাদের ৪৫ জন রিপ্রেজেন্টেটিভকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এটা খুবই দু:খজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে চলতে থাকলে আমাদের আর কাজ করার পরিবেশ থাকবে না। আর আমরা কাজ করতে না পারলে তখন বাজারে মেডিসিন সরবরাহ বন্ধ হয়ে যাবে।

এসময় বক্তব্য রাখেন ফারিয়ার ভোলা জেলা সভাপতি কাওছার খোকন, সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ, স্কয়ার কোম্পানীর এরিয়া ম্যানেজার অহিদুজ্জামান, বেক্সিমকো এরিয়ার ম্যানেজার মো: তাওহীদ, একমি এরিয়া ম্যানেজার মো: আল আমিন, ইনসেপ্টার এমপিও মো: মেহেদীসহ প্রমূখ।
