কেন্দ্র দখল করার পায়তারা করবেন না : অধ্যক্ষ নজরুল ইসলাম

শরীফ হোসাইন ॥
ভোলা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এবং ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ পরিচালনা করুন। আপনাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে গ্রহণ করবে। আর যদি নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করেন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের জন্য জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটই যথেষ্ট। আপনারা কেন্দ্র দখল করার পায়তারা করবেন, আর আমাদের কর্মীরা ঘরে বসে আঙ্গুল চুষবে, তা হতে দেয়া হবে না। আমাদের কর্মীদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে কেন্দ্র দখল করতে হবে।
শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর মাদ্রসা বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে কেন্দ্র দখল করতে হবে, অন্যথায় কেন্দ্র দখল করতে দেয়া হবে না। সুতরাং সাধু সাবধান। এ সমস্ত উচ্চাভিলাসী কল্পনা পরিহার করুন, জনগণের দ্বারে দ্বারে আসুন, এরকম বিলাসী জীবন দিয়ে রাজনীতি করা যায় না। জনগণের কাছে আসতে হয়, তাদেরকে কাছে ভোট ভিক্ষা করতে হয়।
আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চাই। কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখি বিশৃঙ্খলা তৈরী করার জন্য একদল কু-চক্রী মহল প্রস্তুত হচ্ছেন। তাই অন্তবর্তীকালীন সরকারকে বলবো অতিদ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আমাদেরকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে না পারেন, তাহলে বাংলার জনগণ এবং ১০ দলীয় জোট আপনাদেরকে কাঠগড়ায় দাড় করাবে। এখনও সময় আছে অস্ত্র উদ্ধার করুন, নির্বাচনের পরিবেশ তৈরী করুন, সব দলকে সমানভাবে সুযোগ দেন, পাড়া-মহল্লায় খবর নেন কারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতাছে।
আলীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মাওলানা কবির আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশীদ, উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা আবু জাফর আবদুল্লাহ, খেলাফত মসলিসের মাওলানা মাকসুদুর হরমান, এনসিপি যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
