ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাখাওয়াত হোসেন
ঢাকা-৮ আসনের প্রার্থী হচ্ছেন আলোচিত রিকশা চালক সুজন

ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশা চালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়। সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।
সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। রাজধানীর ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল, একটি রাজনেতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারবে, যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনি ফরম কিনতে পারবে। এ জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সুত্র : যুগান্তর।
