ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর
বোরহানউদ্দিনে ডায়াগনস্টিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো: ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিনে একাধিক ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট বিভ্রান্তি নিয়ে রোগীদের প্রতিক্রিয়া সংক্রান্ত ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর মাঠে নেমেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর নির্দেশে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।
অভিযানকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, ল্যাব টেকনোলজিস্টদের যোগ্যতার সনদ, পরীক্ষার রিপোর্ট সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি যাচাই-বাছাই করা হয়। অনিয়ম পাওয়ায় বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান স্যারের নির্দেশে আমরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাই। অনিয়ম পাওয়ায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া। মেডিকেল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিকস ও ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২: বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ পরিচালনার লাইসেন্স এবং অন্যান্য বিধিমালা নিয়ন্ত্রণ আইনে তাদের জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে. এম. রিজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট সদস্যবৃন্দ, এবং বোরহানউদ্দিন থানা পুলিল।
উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর একই রোগীর একই দিনে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে ৩ রকম রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে এলাকায় ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে আজ সকালে ভোলার বাণীতে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরই বিকেলে দিকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ অভিযান পরিচালনা করা হয়।
