সর্বশেষঃ

ভোলায় জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩টা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলার আওতাধীন প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং ভোলা সদর উপজেলা আমির মাওলানা মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান আলোচক ছিলেন ভোলা-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন এবং ভোলা পৌর আমির মাও. মো. জামাল উদ্দিন প্রমুখ।


বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে গঠিত আদর্শ সমাজ গঠনে তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন ও জুলুম-অনিয়ম প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রভিত্তিক প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, কোনও রক্তচক্ষু বা ভয়ভীতির কাছে নত না হয়ে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সংগঠনের কাঠামোকে সুসংগঠিত ও কার্যকর করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সমাবেশে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।