সর্বশেষঃ

নিভে গেল ২০টি তাজা প্রাণ ॥ আহত-১৭১

উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল ২০টি তাজা প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন ১৭১ জন। সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সবশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় আহত ও নিহতরা উত্তরার বিভিন্ন হাসপাতালে আছেন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন আহত, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন ও নিহত ২ জন, ঢাকা মেডিকেলে আহত ৩ জন, নিহত ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত ১৭ জন ও নিহত ১২ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত ১ জন ও নিহত ২ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ জন ও নিহত ২ জন, উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ জন ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত ভর্তি আছে।
শেষ হলো উদ্ধার অভিযান : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরেছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচ- শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক। দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।