গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভোলায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলাতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি মহাজনপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজারস্থ ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ইসলামি ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ।
নায়েবে আমীর বলেন, গোপালগঞ্জে জুলাই বিপ্লবের নায়কদের উপর ছাত্রলীগের গু-াবাহিনী তা-ব চালিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। সীমান্তের ওপার থেকে যারা আস্ফালন দেখাচ্ছে তাদের ধরে এনে আয়না ঘরে রেখে বিচারের মুখোমুখি করুন। ৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
