সর্বশেষঃ

ভোলায় পাঁচ উপজেলার ২ হাজার মুসল্লির ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৩টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শরীয়তপুর জেলার সুরেশ্বর অনসারী প্রায় ২০০০ মুসল্লি ১৩টি স্পটে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি করেন শরিয়তপুরের নুরিয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের পীরের ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত রতন মিয়া। তিনি বলেন, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৩টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির দরজায় প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রতন মিয়া। এ সময় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয় ।
রতন মিয়া জানান, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম,তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় দুই হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর পালন করে।

সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডার শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

সুরেশ্বর পীরের অপর এক মুরিদ বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হারুন অর রশিদ বলেন, ‘আমাদের মতে, পৃথিবীর যেকোনও স্থানে চাঁদ দেখা গেলেই রোজা এবং ঈদ পালন করা যায়। সে অনুযায়ী আমরা প্রতি বছর একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি।

এ ছাড়া মুলাইপত্তন, চৌকিদার বাড়ির দরজায়, লালমোহন উপজেলারসহ ১৩টি গ্রামে আজ আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশে এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।