সর্বশেষঃ

ভোলায় কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ‘যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন’ এই শ্লোগানকে সামনে রেখে আলুর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি, পেঁয়াজ ও আলুর কমিশন গঠন, কৃষকদের প্রতিনিধিত্বের, জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ ভাগ সদস্য অন্তর্ভুক্তির ও বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের ব্যানারে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাবীতে মানববন্ধন করেছে কৃষক ইক্য পরিষদ বাংলাদেশ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষক নেতারা বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কিন্তু কৃষকরা এখনও অবহেলিত ও ন্যায্য অধিকার বঞ্চিত। কৃষিই আমাদের একমাত্র অবলম্বন। কিন্তু সব সময়ই উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বর্তমানে কৃষি পণ্য বিপননে অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পর্যায়ে ফাড়িয়া, পরিবহন সংশ্লিষ্ট লোকজনের অসহযোগিতা ও মজুদকারী চক্রের তৎপরতায় আমাদের বিনিয়োগকৃত পূঁজি হাড়িয়ে ফেলছি। উপরন্তু মরার উপর খাড়ার ঘাঁ হচ্ছে, এ বছরে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া দ্বিগুণ করা হয়েছে। আগে ছিল ৪ টাকা, হঠাৎ করে তা হয়ে গেলো ৮ টাকা। বর্তমানে আলুর বাজারও কৃষক পর্যায়ে মাত্র ১০/১২ টাকা। কেজি প্রতি যেখানে উৎপাদন খরচ প্রায় ১৭ টাকা। অপরদিকে পেঁয়াজ একটি অন্যতম অর্থকরী ফসল কিন্তু তার অবস্থাও একই।
তাই, কোল্ড স্টোরেজে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণ, হাট-বাজারের জন্য কৃষকদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেয়া, আলু ও পেঁয়াজ কমিশন গঠন, জেলা প্রশাসকের মাসিক সভায় কৃষকদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করা, কৃষকদের উৎপাদিত পন্য বিদেশে রপ্তানির ব্যবস্থা করা, স্ব-স্ব ইউনিয়নে সারের ডিলারদের বিক্রয় কেন্দ্র স্থাপনসহ ন্যায্যমূল্যে সার বিক্রি করা এবং কৃষিপন্য পরিবহনে পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ উল্লেখিত ৭ দফা দাবী বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
তারা বলেন, আজ প্রকৃত কৃষকরা কৃষি ব্যাংক থেকে কোন ঋণ পাচ্ছেনা। এক শ্রেণীর দালালচক্র ও অসৎ ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজশে ঋণ পাচ্ছে অন্যরা। তাই কৃষকরাই যদি ঋণ না পায় তাহলে কৃষি ব্যাংক নাম রেখে কি লাভ হবে। এ সময় বক্তব্য রাখেন, ভোলা আইসিডিএস এর নির্বাহী পরিচালক মর্তুজা খালেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউর রহমান পিংকু, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, চরফ্যাশন উপজেলা সম্পাদক জসিম উদদীন, সদস্য সচিব আব্দুর রহিম, লালমোহন উপজেলা সম্পাদক মোঃ হারুন অর রশিদ প্রমূখ। পরে, তার ভোলা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।