মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে
মিরপুর ১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের অনুষ্ঠানে আমিনুল হক

ডেস্ক রিপোর্ট ॥ জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরাও সংস্কারের পক্ষে; তবে সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে মিরপুর ১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লবী থানাধীন সাংগঠনিক ৯১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মেহমানদারির আয়োজন করা হয়। আমিনুল হক বলেন, সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না।
অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাষা ও চিন্তাভাবনা বুঝুন। এদেশের জনগণ কি চায়! সেটাকে আপনারা অনুধাবন করুন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণ করুন। মানুষের ভোটাধিকার-নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে দেশের জনগণ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে, অনেক মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু ভাইদের প্রাণের বিনিময় ও রক্ত ঝরিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক অ্যাড. লিটন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ওলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল, যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে মিরপুর ১২ নম্বর বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আমিনুল ইসলাম। পরে সন্ধ্যায় এক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
