মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
আজ সত্তরের সেই ভয়াল ১২ নভেম্বর

শরীফ হোসাইন ॥ আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যা। লাশ আর লাশে ছেয়ে যায় পুরো নদী। গাছে গাছে ঝুলতে থাকে নারী-পুরুষ আর শিশুর লাশ। ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ধ্বসংসজজ্ঞ চালিয়ে যায়। সেই স্বজন হারা স্মৃতি নিয়ে আজে যারা বেঁচে আছেন তারা বিষিষিকাময় দিনটি স্মরণ করতে আৎকে উঠেন।
দিনটি স্মরণে দেশব্যাপী আলোচনাসভা, সেমিনার, কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ৭০ সালের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছিল। ধরণা হচ্ছে প্রলয়ংকরী ওই ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ নারী-পুরুষ-শিশু প্রাণ হারিয়েছিল। তার মধ্যে ভোলা জেলায়ই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর অসংখ্য জনপদ বিরান ভূমিতে পরিণত হয়। উত্তাল মেঘনা নদী আর তার শাখা-প্রশাখাগুলো রূপান্তরিত হয়েছিল লাশের নদীতে। সেকি ভয়াবহ দৃশ্য।
১৯৭০ সালের ১১ নভেম্বর দিনটি ছিল বুধবার। সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হতে লাগল এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে লাগল সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উচু সেই ঢেউ আছড়ে পড়ল জনপদের উপর। আর মুহুর্তেই ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদিপশু, বাড়ীঘর এবং ক্ষেতের সোনালী ফসল। পথে প্রান্তরে, নদীতে, গাছে গাছে ঝুলছিল লাশ আর লাশ। ক্ষুধার তাড়নায় কুকুর, শেয়াল আর শকুন টেনে-হিছড়ে লাশ যে খেয়েছে তার কোন ইয়ত্তা নেই।
তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা ও সংবাদকর্মী, ভোলা প্রবীণ সাংবাদিক এম এ তাহের বলেন, ভয়াল সে রাত কেটে গেলে পরদিন শুক্রবার পুরো এলাকায় ধ্বংসস্তুপ দেখা যায়। প্রায় এক কোমর পানি ছিলো সর্বত্র। চারিধারে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুধু লাশ আর লাশ। পানি ভেঙ্গে তিনিসহ আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহাজানসহ আরো অনেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন। সেদিন সবাই মিলে প্রায় সাড়ে ৩’শ লাশ দাফন করান। তিনি আরো বলেন, পরদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা বন্ধ করে এক জাহাজ ত্রাণ নিয়ে আসেন ভোলায়। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মনপুরায়। তাই জাতির পিতা মনপুরায় এসে সকলের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সত্তরের সেই কালো রাতের কথা মনে হলে ধুসর স্মৃতিতে চোখের সামনে সবকিছু ঝাপসে হয়ে আসে বলে স্মৃতি রোমন্থন করেছেন দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান। তিনি বলেন, দেখেছি সাপ আর মানুষ দৌলতখানের চৌকিঘাটে জড়িয়ে পড়ে আছে। স্নেহময়ী মা তার শিশুকে কোলে জড়িয়ে পড়ে আছে মেঘনার পাড়ে। সোনাপুরের একটি বাগানে গাছের ডালে এক মহিলার লাশ ঝুলছে। এমনিভাবে মনপুরা, চরফ্যাশন, লালমোহন, তজুমুদ্দিন ও দৌলতখানসহ সমগ্র জেলায় মানুষ আর গবাদি পশু বঙ্গোপসাগরের উত্তাল পানিতে ভেসে গেছে। জন-মানুষ শুন্য হয়ে পড়েছিলো দ্বীপজেলা ভোলা। সেই সময়কার প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলার সমস্ত জনপদের নিশ্চিহ্ন করে দিয়েছিল আর নদীতে গবাদি পশুসহ বনি আদম সন্তান সারিবদ্ধভাবে পড়েছিলো। এসব সংবাদ তৎকালীন “পূর্বদেশ” পত্রিকার ভোলাস্থ প্রতিনিধি ও বর্তমান দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম হাবিবুর রহমান প্রেরিত সচিত্র প্রতিবেদন “বাংলার মানুষ কাদোঃ ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ” শিরোনামে ছাপা হয়েছিলো। আর এ সংবাদ বিশ্বব্যাপী ৪দিন পর জানতে পেরেছিলো। সেই চিত্রটি আজো ঢাকা প্রেস ইনষ্টিটিউট-এ কালের স্বাক্ষী হিসেবে বাধানো অবস্থায় প্রদর্শিত হচ্ছে।
নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ফারুকুর রহমান বলেন, ‘দোতলা টিনের ঘরে থাকতাম। আমার ঘরের ভিটাও ছিল মাটি থেকে প্রায় আড়াই হাত উঁচু। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার ঘরের মেঝের ওপরে প্রায় এক হাত পর্যন্ত পানি উঠেছে। একপর্যায়ে ঘূর্ণিঝড়ের রুদ্র রূপ থেমে যায়। পরদিন সকালে পানি কমলেও বেড়েছে মানুষের আহাজারি। চারদিকে শুধু পানি আর পানি। ভোলা সদর সড়কেও ছিল হাঁটু পরিমাণ পানি। অনেকে আবার সেই পানিতে জাল ফেলে মাছ ধরছে। বিভিন্ন গাছে মানুষের লাশ আর মৃত পশুপাখি ঝুলতে দেখা গেছে। মানুষ, পশুপাখি, সাপ, বেজি একাকার হয়ে গেছে। কয়েক মাস মানুষ কোনো মাছ খাননি।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের এই দিনকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হয়। উপকূলবাসী দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছেন। কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক-সিজেনেট ও চেঞ্জ ইনিশিয়েটিভ’র উদ্যোগে উপকূলের ১৬ জেলার ৪১ উপজেলার ৫৫ স্থানে একযোগে ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে। ‘উপকূল দিবস’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থাকা রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই এই দিবসের লক্ষ্য।
দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদুর রহমান জানান, ৭০’র বন্যার সময় তার নানা শ্বশুর, নানী শ্বাশুরী, দুই মামা এবং এক খালা সহ ৫ জন ঘর চাঁপা পড়ে মারা যান। সেই পরিবারের জীবিত সদস্যরা আজো স্মৃতি নিয়ে বেঁচে আছেন। সেই দিনের কথা মনে পড়লে তারা আজো আৎকে উঠেন।
দৌলতখান পৌর এলাকার বাসিন্দা মিজানুর রহমান ৭০’র বন্যার স্মৃতি চারন করতে গিয়ে বলেন, সে দিন ছিল মেঘাচ্ছন্ন। গুরি গুরি বৃস্টি হচ্ছিল। রাতের বেলা দোকান বন্ধ করে ঘরে এসে ঘুমাতে যাই। এমন সময় দোকানের কর্মচারীরা নীচে ঘুমাইতেছিল। তারা অনুভব করে বিছানা ভিজতে শুরু করেছে। অল্প কিছুক্ষনের মধ্যে প্রবল বেগে পানি আসতে দেখে তারা তাড়াতাড়ি বাড়ীতে এসে খবর দেয় যে, পানি আসছে। তখন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ঘরের দ্বোতলায় অবস্থান নেই। পরে যখন পানি কমে যায় তখন চারদিকে শুধু পানি দেখতে পাই, কোন ঘর-বাড়ির চিহ্ন নেই বললেই চলে। তিনি বলেন, তাদের একজন নিকটতম আত্মীয়ের কথা স্মরণ হলে তখন ওই আত্মীয়কে দেখতে যান পানির মধ্য দিয়ে সাতড়িয়েই। যেয়ে দেখেন যে তাদের বাড়ীর কোন চিহ্ন নেই।
তৎকালীন সময়ে দৌলতখান উপজেলার মেদুয়া গ্রাম এবং বর্তমানে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের বাসিন্দা মোঃ আলমগীর মিঝি ৭০’র বন্যার কথা বলতে গিয়ে তিনি বলেন, ওই বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বাড়ী একটু দুরে থাকায় তিনি দৌলতখান বাজারের একটি দোকান ঘরের মধ্যে থেকে পড়া-লেখা করছিলেন। রাতের বেলা দেখেন প্রবল বেগে পানি আসছে। সেই সাথে গুরি গুরি বৃষ্টি হচ্ছিল। এসময় তিনি একাকী কি করবেন ভেবে আশ-পাশের দোকানগুলোতে কোন মানুষের অবস্থান আছে কিনা তা বুঝতে চেষ্টা করলেন। তার পাশের একটি দোকানের মধ্যে লোকজনের কথা শুনতে পেয়ে সেখানে যেতে মনস্থ করলেন। নীচের দিকে তাকিয়ে দেখলেন যে পানির চাপ প্রচন্ড। এর মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। উপায়ন্তুর না দেখে তিনি ওই পানির মধ্যে ঝাপ দিয়ে পাশের দোকানের বেড়াটি ধরলেন। পরে তিনি দোকানের উপরে থাকা লোকজনকে ডাক দিলে তারা তাকে উপরে তোলেন। সকাল বেলা তিনি বাড়ীতে গিয়ে দেখেন যে, ঘরগুলো বন্যায় ভেঙ্গে দুমরে-মুচরে গেছে। যাওয়ার সময় তিনি পথে পথে হাজারো লোকের মরদেহ পরে থাকতে দেখেছেন। এমনকি বিভিন্ন গাছের সাথে মরদেহগুলো ঝুলতে দেখেছেন। ওই বন্যার সময় তাদের ঘরে লোকজন ছিলনা। তাই বড় ধরনে কোন প্রকার ক্ষতি হয়নি। তবে তাদের বাড়ী থেকে প্রায় ৩৯ জনের মত লোক ওই বন্যায় প্রাণ হারায়।
১৯৭০ এর ভয়াবহ জলোচ্ছ্বাসে পর ভোলার বিভিন্ন অঞ্চলে লাশের সৎকার ও বেঁচে থাকা মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে রিলিফ বিতরণ করতে গিয়ে যে দৃশ্য পেয়েছি তা বর্ণনা করতে গিয়ে ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম নিরব মোল্লা স্মৃতি চারণ করে বলেন, যারা সে সময় বেঁচে ছিলেন তাদের পাশে যখন গিয়েছি, তখন কি করব ভেবে পাইনি।
জননেতা মাওলানা ভাষানী ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ যারা এদৃশ্য দেখতে আসেছেন আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তারা বলেন, সেই সময়ের শাসক (ইয়াহিয়া খান’রা) বাংলার স্বজন হারাদের পাশে এগিয়ে আসেন নি এবং তাদের খোজ পর্যন্ত নেন নি। তখন সারা বিশ্বব্যাপী তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্টিকে ধিক্কার দিয়েছিল। এখনো স্বজন হারা পরিবারগুলো যেভাবে আছে তাদের পাশে সকলেই দাড়ানো উচিত বলে তারা অভিহিত করেন।
এই দিনটিতে প্রেসক্লাবসহ সামাজিক সংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, স্মরণ সভা, দোয়া ও কোরআন খানী ব্যবস্থা করে থাকেন। কিন্তু ভোলাবাসীর প্রাণের দাবি এ দিনটিকে একটি জাতিয় শোক দিবস হিসাবে ঘোষণা করে সরকারী ও বেসরকারি পালন করার দাবী অভিজ্ঞ মহলের।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন জানান, ১৯৭০ সালের ১২ নভেম্বর দুর্যোগকালে ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র ছিল না বললেই চলে। এ কারণে মানুষ ও গবাদিপশুর প্রাণহানি বেশি হয়েছে। কিন্তু এখন ভোলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, ‘ভোলায় ৮৬৯টি ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩৫টি মুজিব কেল্লা একনেকে পাস হয়েছে। এর মধ্যে ১২টি মুজিব কেল্লা স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৭টির স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কেল্লার নির্মাণকাজ শেষ হলে উপকূলীয় এলাকার বহু মানুষ ও গবাদিপশু আশ্রয় নিতে পারবে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ ঘূর্ণিঝড়কে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। আঘাত হানার সময়ে ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ২৫০ কিলোমিটিার আর ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত ঘূর্ণিঝড়টির বাতাসের গড় গতি ছিলো ১৮৫ কিলোমিটার।
বাংলাদেশে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত ঘূর্ণিঝড়টি পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী ঝড় হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। ২০২২ সালের ১৮ মে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্বের পাঁচ ধরনের ভয়াবহ প্রাণঘাতী আবহাওয়া ঘটনার শীর্ষ তালিকা প্রকাশ করে। তালিকার শীর্ষ প্রাণঘাতী ঘটনা হিসেবে বাংলাদেশের উপকূল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়টিকে পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ১৯৭০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত বাংলাদেশের উপকূল অঞ্চলে সর্বকালের ভয়াবহ প্রাণঘাতী ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সরকারি হিসেবে এতে ৩ থেকে ৫ লাখ মানুষ মারা যান; তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ১০ লাখের বেশি ছিল।
