ভোলায় সরকারী খাল দখল করে মার্কেট ও বহুতল ভবন নির্মাণ

ইয়ামিন হোসেন ৷৷ ভোলা শহরের প্রাণ কেন্দ্রের সরকারি খাল দখল করে, মার্কেট ও বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে মালবাহী বিভিন্ন কার্গো চালকরা এবং ব্যবসায়ীরা। সরজমিনে গিয়ে দেখা যায় ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ম থেকে সরকারী বালক উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই শতাধিক দোকান ও কয়েকটি বহুতল ভবন নির্মাণ করে দখলে আছেন প্রভাবশালী একটি মহল। ভোলা শহরের প্রাণ কেন্দ্রে এমন অনিয়ম হলেও ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছরে অসংখ্য বার আগুণ পুড়েছে ভোলার মার্কেট। এতে কোটি কোটি টাকার ক্ষতি গ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। অনেকে নিঃস্ব হয়ে বাড়ী ঘর বিক্রি করে জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন।
ভোলার সুতাপট্টির এক ব্যবসায়ী জানান, আগুণে ভোলার মার্কেট গুলো একাধিক বার পুড়লেও আমরা পানির সংকটে আগুণ নিভাতে পারিনি।
আমাদের মার্কেটের পাশেই বিশাল খাল থাকলেও, খালটি দখল করে পৌরসভা কর্তৃপক্ষ দোকান বরাদ্দ দিয়েছে। এ ছাড়া প্রভাবশালী অনেকে বহুতল ভবন নির্মাণ করেছে। যার জন্য ফায়ারসার্ভিস পানি পাইনি।
ভোলা জিয়া মার্কেটের ব্যবসায়ী জানান, আগুণ যখন মার্কেট লাগে, তখন আমরা খালের পানি উঠাতে পারেনি। কোর্ট মসজিদের পুকুর থেকে পানি নিতে হয়েছে। খালটি দখলদারদের কবলে থাকায় আমরা ব্যবসায়ীরা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
ভোলা কাঁচা বাজারের ব্যবসায়ী আবু তাহের জানান, আমরা ব্যবসায়ীরা আগে সরাসরি মালামাল দোকানের সামনে নিয়ে আসতাম কিন্তু খালটি দখল হয়ে যাওয়ায়, এখন আর সম্ভব হচ্ছে না। আমাদের একদিকে সময় বেশি যাচ্ছে অন্যদিকে লেবার ও বেশি যাচ্ছে। ওই ব্যবসায়ী বলেন, আমাদের এ কষ্ট দেখবে কে? কাকে বলবো? ভোলার এ পুরানো খালটি আজ জনে জনে প্রভাবশালীরা দখলে নিয়ে গেছে।
এ ভাবে চলতে থাকলে, আগামী কয়েক বছরে, এ গুরুত্বপূর্ণ খালটি বিলিন হয়ে যাবে। এতে চরম ভোগান্তিতে পড়তে হবে, ব্যবসায়ী ও ভোলার মানুষ।
নাম প্রকাশ না করার সত্বে পৌর সভা থেকে বরাদ্দ নেওয়া এক ব্যবসায়ী জানান, আমরা একেকজনে ১৫ থেকে ২০ লক্ষ টাকা করে মেয়র কে দিয়েছি। এ ছাড়া প্রতিমাসে পৌরসভা কে ৫ হাজার টাকা করে ভাড়াও দিচ্ছি। কিন্তু এখন জানি এ জমি পৌরসভার না, এটা সরকারী জমি।
রুহুল আমিন নামে আরেক বরাদ্দ নেওয়া ঘর মালিক জানান, আমাদের উঠিয়ে দিলে কোথায় যাবো, ধারদেনা করে মেয়র কে টাকা দিয়েছি। এখন আমাদের উঠাতে হলে সেই টাকা উঠিয়ে দিতে হবে প্রশাসন।
অন্যদিকে খাল দখল করে বহুতল ভবনের মালিক স্কুল শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
পরিবেশ বাদী আন্দোলনের নেতা মোবাশ্বিরুল উল্লাহ চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন এ অবৈধ উচ্ছেদ এর কথা বলেছি। আমার কথা কেউ শুনেনি। অথচ এ খাল খননের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দৃশ্যমান খনন হয়নি। টাকাগুলো আত্মসাৎ করেছে কর্তৃপক্ষ। খালটি দ্রুত দখলদারদের কবল থেকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে অন্তর্বর্তীকালিন সরকারের নিযুক্ত প্রশাসক, ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু বলেন, আপনারা তো শুনেছেন, সরকারী জমি দখল করে কে কি করেছেন তবে ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে যে সরকারী খাল দখল মুক্ত করতে হবে। আমরা খুব দ্রুতই উচ্ছেদ অভিযান চালাবো।
