মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
সাকিব-সুমনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট ॥ গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।
গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে। ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন।
অন্যদিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এ হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন ২৯ নম্বর আসামি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর থানাধীন রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী মো. রুবেল। পরবর্তীতে তাকে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল। ব্যারিস্টার সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের পর ফেসবুকে তিনি ভিডিও বার্তা দিলেও বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে কিছু জানাননি।
