হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর
মনপুরায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে এক ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় উপজলা চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। রোববার বেলা সাড়ে ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চরফ্যাশন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর এই সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া ইউপি চেয়ারম্যান হলেন মোঃ অলি উল্লা কাজল। তিনি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লা কাজল এর সাথে মুঠোফোনে বিষটি নিয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অপর ৩ প্রার্থী মোঃ জাকির হোসেন মিয়া, মোঃ সিদ্দিকুর রহমান ও শাহরিয়ার চৌধুরী দীপকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, পারভিন আকতার রেবু ও ইয়াসমিন জাহান মিনু এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে অপর সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে নির্বাচনে মনপুরা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ ২০ মে, ভোট হবে ৫ জুন।
