বিএনপি’র জন্য নির্বাচনের তফসিল পুননির্ধারণের সুযোগ আছে : ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি নির্বাচনে এলে তফসিল পুননির্ধারণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে রয়েছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুননির্ধারণের সময় ও সুযোগ রয়েছে। শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউসে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, জনগণ যদি ভোট দেয়, সেটাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করব। আজকের বৈঠকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার সেই পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে গুজব ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। তাদের মিথ্যা ও অপপ্রচারমূলক কোনো তথ্য প্রচার না করার অনুরোধ রইল।
অবাধ তথ্যপ্রবাহে আমরা বিশ্বাসী। কাজেই নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্কগুলো যেন স্বাভাবিক থাকে এর জন্য সরকারের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রমুখ।
