তফসিল প্রত্যাখ্যান বিএনপি’র ॥ হরতালের ডাক সমমনা দলগুলোর

ডেস্ক রিপোর্ট ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল জারির মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছেন। তার ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন। তফসিল জারি হলেই নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে তিনি এসব মন্তব্য করেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৭ জানুয়ারি হবে ভোট। বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ভোটের এই তারিখ জানান।
তফসিল জারির প্রতিক্রিয়ায় রিজভী বলেন, সরকার আবারও একদলীয় নির্বাচন করার নীলনকশা করছে। আর ইসি হচ্ছে তার নির্ভরতার আস্থা স্থল। বর্তমান নির্বাচন কমিশন নিশি রাতের ভোটে নির্বাচিত সরকারের আজ্ঞাবহ সিলেকশন। এই কমিশনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনা। এই কমিশন যদি নিরপেক্ষ হতো তাহলে জনমত উপেক্ষা করে তফসিল জারি করতো না। তফসিল জারি হলেই নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
সরকার ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশে যে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এই সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী নাৎসী সরকারের পতন ঘটবে। জনগণের সরকার প্রতিষ্ঠার পর এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের বিচার করবে জনগণ।
এদিকে তফসিলের প্রতিবাদে হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোটের। নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
অন্যদিকে তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে হরতালের ডাক লেবার পার্টি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল ডাক দিয়েছে লেবার পার্টি। বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় পুরানা পল্টনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এসময় তিনি বলেন, ’আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ’নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রত্যাখান করেছে।
মহানগর লেবার পার্টির সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. শওকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক শামিম হোসেন প্রমুখ।
ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কস্তুরির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, হাউস বিল্ডিং, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, তোপখানা হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।
অপরদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রমঞ্চ। অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। তফসিল ঘোষণার পরপর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন তারা। মিছিলটি তোপখানা রোড থেকে বের হয়ে পল্টন মোড়ে আসলে পুলিশি বাধায় থেমে যায়।
এসময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে জোনায়েদ সাকি ও দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, এ একতরফা নির্বাচন তারা প্রত্যাখান করেছে পাশাপাশি তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। অবরোধের সঙ্গে কাল সকাল সন্ধ্যা হরতালও চলবে।
