পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক
ভোলায় গ্যাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি

শিমুল চৌধুরী ॥ ভোলার মাটিতে প্রাপ্ত গ্যাস ভোলার ঘরে ঘরে দেওয়ার দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ভোলাবাসী। ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা বরিশাল ব্রিজ নির্মানে সরকারের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো আন্দোলনের লক্ষ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট (শনিবার) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়েছে। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি ও ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী। বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, সাংবাদিক অমিতাভ রায় অপু, ভোলা মুসলিম হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিবি) ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ। সংগঠনের সদস্য সচিব এস এম বাহাউদ্দিন সভা পরিচালনা করেন। সভায় দক্ষিণাঞ্চলের ৯টি জেলার সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ১ সেপ্টেম্বর থেকে গণস্বাক্ষর কর্সূচির ঘোষণা করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে পথসভার বাস্তবায়ন করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ভোলার গ্যাস ভোলার প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করতে হবে। ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ করতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোড়ালো আন্দোলনের লক্ষ্যে সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা রাখতে হবে। ভোলার সকল রাজনৈতিক দল এবং ভোলার সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমাদের ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেওয়া হয়।
সভায় ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি ও ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মোবাশ্বির উল্যাহ চৌধুরী, ভোলা জেলা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হিসেবে এস এম বাহাউদ্দিনের নাম ঘোষণা করেন। পরবর্তী সভায় এই কমিটির পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা ঘোষণা করা হবে।
এসময় ভোলা বদ্বীপ ফোরাম ছাত্র কল্যাণ সংসদ এর আহবায়ক মোহাম্মদ রাহিম ইসলাম, গণ-অধিকার পরিষদ এর প্রতিনিধি মোঃ শাহিনুজ্জামান, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা সভাপতি মোঃ নেওয়াজ শরীফসহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
