পলিটেকনিক-এ দেশসেরা ভোলার আল-আমিন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন। তিনি ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৫ই মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৩ইং সনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করে। সেই ফলাফলে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার এই মেধাবী শিক্ষার্থী। বিটিইবি’র ওয়েব সাইটে গত ৯ই জুলাই মেধাক্রম তালিকায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪ বছরে মোট ৮টি সেমিস্টারের সমাপনী পরীক্ষা হয়। এতে ১ম থেকে ৮ম পযর্ন্ত টানা সবগুলো সেমিস্টারে এ+ পেয়ে আউট অব ৪ এর মধ্যে সিজিপিএ ৪ অর্জন করেন আল আমিন।
বিটিইবি সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে এবছর ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সিজিপিএ ৪ অর্জন করেন ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটের ১২ জন শিক্ষার্থী। তার মধ্যে র‌্যাঙ্কিং ভোলার এই শিক্ষার্থী প্রথম স্থান দখল করে। মেধা তালিকায় প্রথম হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত বুধবার (১৪ জুন) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হলরুমে তাকে মেধাবৃত্তি ও স্কোলারশীপ সনদ প্রধান করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খানসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
আল আমিন ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া ৭নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে আল আমিন ৪র্থ। আল আমিনের বাবা পেশায় একজন ক্ষুদ্র কৃষক। সে ২০১৭ সালে জাঙালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সহপাঠীদের কাছে আল আমিন খুব সহযোগী ও সহমর্মী। মেধাবী এ ছাত্রের ভবিষ্যৎ প্রত্যাশা উচ্চ শিক্ষা লাভ করে বিশ্বমানের প্রযুক্তিবিদ হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। সে পিতা-মাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকম-লীসহ যারা এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভোলাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিলুফার ইয়াসমিন বলেন, আমাদের ছাত্র আল আমিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। এই অর্জন শিক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠানেরও গৌরভ আগামীতেও এ ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। যাতে তারা দেশের দক্ষ মানবসম্পদ গড়ে উঠতে পারে।
আল আমিনের বাবা নান্নু মিয়া বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই আমার ছেলে এই ধরনের সম্মাননা পাওয়ায়। একজন পিতা হিসাবে এটা আমার জন্য বড় প্রাপ্তির। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি যেন সে বড় হয়ে দেশের সেবা করতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।