তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন হবে না
জাকাতের কাপড় বিতরণকালে তোফায়েল আহমেদ

এম রহমান রুবেল ॥ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, ভোলা সদর আসনে সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন হবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দল আওয়ামীগের অধীনে। সেই নির্বাচনে আশা করি বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে। কেউ যদি অংশগ্রহণ না করে সেটা তার নিজস্ব ব্যাপার। সঠিক সময়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। এ নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বুধবার (১৯ এপ্রিল) ভোলা সদরের ধনিয়া, বাপ্তা, কাচিয়া ও ইলিশা ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেছেন।
এ সময় বিএনপির কড়া সমালোচনা করেন সাবেক বাণিজ্য মন্ত্রী বলেন, বিএনপির কোনো কাজ নেই। তারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করে বেড়ায়। তারা বলে গণতন্ত্র নাই, আসলে বিএনপির জন্মই তো হয়েছে ক্যান্টনমেন্টে। তাদের কাছে গণতন্ত্র কি ? জিয়াউর রহমান হাজার হাজার মানুষ হত্যা করেছেন ও বিনা কারণে ফাঁসি দিয়েছেন।
এ সময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ালীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
