সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাতের বাসায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
মাতৃভাষা দিবসে মির্জাকালুতে দেহভঙ্গি’র মাধ্যমে ২১শে ফলক তৈরি

২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। পালিত হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুলেও।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। এরপর সকল শিক্ষকগণ কালো ব্যাজ ধারণ করেন। সকাল আটটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ছাত্র-ছাত্রীরা মাথায় ফেব্রুয়ারির ফিতা বেঁধে যৌথ অংশগ্রহণে তাদের দেহভঙ্গি’র মাধ্যমে একটি ২১-শে ফলক তৈরি করে, যা ছিল এক ব্যতিক্রমধর্মী উপভোগ্য।
পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি র্যালি বের হয়ে মির্জাকালু কাজিরহাট বাজারের মূলসড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত জনসাধারণ র্যালিটির ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে উপভোগ করে এবং করতালির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানায়। পরে র্যালিটি স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
একই সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা শুরু হয়। সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয় যা শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপভোগ করেন।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল হাই আজাদ চৌধুরীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে তাসনিম জাহান আনিসা, জুহাম হাওলাদার, মুনতাহা চৌধুরী ও রোজা মনিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, বক্তব্য, গান ও কবিতা পরিবেশন করে। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক/প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদার, সিনিয়র ও সহ-প্রধান শিক্ষক হুমায়ুন কবির নিরব, শামীম আলম, রাহাদ চৌধুরী হাফেজ রহমতুল্লাহ ও মিজানুর রহমানসহ সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা একুশে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদার বলেন, ‘আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই। পরিশেষে ভাষা-শহীদদের রুহের মাগফেরাত কামনায় আনুষ্ঠানিক দোয়া মোনাজাত হয় এবং উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের মানসম্মত খাবার বিতরণ করা হয়।
