চরফ্যাশনে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত-৫

ভোলার চরফ্যাশনের উত্তর মানিকা গ্রামে শুক্রবার সকালে জমি নিয়ে সংঘর্ষে দুই গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াসিন, মিলন, সুমন ও রফিক চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মিলন ও সুমনের অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। এ ঘটনায় মিলনের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সাহিদা বেগম অভিযোগ করেন, তার স্বামী মিলন বন্দোবস্ত প্রাপ্ত হয়ে জমিতে ঘর বাড়ি কর ভোগ দখলে রয়েছেন। দীর্ঘ দিন যাবৎ প্রতিবেশী মহিউদ্দিন মুন্সী গংরা জমি নিয়ে বিরোধ করে আসছেন। শুক্রবার সকালে মহিউদ্দিন মুন্সীর নেতৃত্বে আসামিরা জমি দখল করতে এলে বাঁধা প্রদান করায় তার স্বামী মিলন, ছেলে সুমন ভাসুর ইয়াসিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে মিলন ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
মহিউদ্দিন মুন্সীর ভায়রা ভাই মফিজ জানান, ওই জমিতে লাল মোহনের এক ব্যক্তি বন্দোবস্ত নেয়, তার কাছ থেকে আমারা জমি কিনে নিয়েছি। এ জমির বিষয়ে ইউপি চেয়ারম্যান আমাদের পক্ষে রায় দিয়েছেন। শুক্রবার সকালে ওই জমিতে মাটি কাটতে গেলে মিলন দা নিয়ে হামলা চালায়। এতে আমাদের রফিকুল ও মহিউদ্দিন আহত হয়েছেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় মিলনের স্ত্রী সাহিদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
